বরগুনার সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিকভাবে শারীরিক নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য পনুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মাকে নির্যাতনে প্রতিবাদ না করে সহযোগিতা করায় মাদকাসক্ত ছেলে রিদয়কেও (২২) গ্রেফতার করেছে পুলিশ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জানান, নির্যাতনের শিকার ২ সন্তানের জননী মার্জিয়া আক্তার ছবি (৪০) একজন মুক্তিযোদ্ধার মেয়ে। থানায় এসে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে আমরা অফিসার পাঠিয়ে দুপুরে ভিকটিমকে উদ্বার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি।
নির্যাতনের শিকার মার্জিয়া আক্তার ছবির বাবা মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন সানু বলেন, বিয়ের পর থেকেই পনু যৌতুকের দাবিতে আমার মেয়েকে বিয়ের কয়েক মাস পর থেকেই শারীরিক নির্যাতন করে আসছে। এ পর্যন্ত ৫ লক্ষ টাকার উপরে যৌতুক নিয়েছে। আরও ২ লক্ষ টাকার দাবিতে প্রতিদিন নির্যাতন করে আসছে।
গ্রামবাসী জানায়, পনু ও ছবির ছেলে রিদয় (২২) বাবার প্রশ্রয়ে একজন মাদকসেবী হয়েছে। মাকে নির্যাতনের প্রতিবাদ না করে নির্যাতনে বাবাকে সহযোগিতা করে আসছে। আজ সকাল ১১টার দিকে ছবিকে দা গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয় স্বামী পনু। ছবির চিৎকার শুনে লোকজন জড়ো হলে বাপ-ছেলের হুমকিতে থামাতে কেউ এগিয়ে আসেনি। এক পর্যায়ে শারীরিক নির্যাতন করে অজ্ঞান অবস্থায় উঠানে ফেলে রেখে গেলে মহিলারা উদ্বার করে।
