ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) এর খাগড়াছড়ির বাসায় পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে রোববার ফজর নামাজের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর জামায়াতে আমির মো. ইলিয়াস এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবী জানান।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, পুলিশের কার্যকর তৎপরতা ও ব্যবস্থা নেয়ার ব্যর্থতায় খাগড়াছড়িতে আওয়ামী সন্ত্রাসীরা বিআরটিসি বাস, জীপগাড়িতে অগ্নিসংযোগসহ একের পর পর এক ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে।
এদিকে ঘটনার প্রতিবাদে বিকেল ৪টায় খাগড়াছড়ি শহরে বিক্ষোভ ঘোষণা দিয়েছে জেলা জামায়াত।
ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার বাড়িতে বোমা হামলা ও আগুনে পুড়িয়ে দেয়ার চেষ্টার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়েছে।
সাদিক কায়েম তার পোস্টে লেখেন, রোববার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ডাকসু ভিপি আরও লেখেন, জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন