পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গত দুই মাসে ঢাকার আমিনবাজার এলাকায় দৃশ্যমান পরিবর্তন এর বড় প্রমাণ।
রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করেন।
তারেক রহমান বলেন, পরিবেশের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ধরে রাখতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্ব নিতে হবে। সরকারের উদ্যোগের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা থাকলে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই মাস আগে আমিনবাজার এলাকার যে অবস্থা ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে এলাকাটি আরও দৃষ্টিনন্দন হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য অপেক্ষাকৃত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখায় ঢাকা জেলা প্রশাসক ফরিদা বেগমসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী ঢাকা জেলা প্রশাসককে আমিনবাজারের আশপাশে ঢাকা জেলার আওতাধীন এলাকায় সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিতে নির্দেশ দেন। পাশাপাশি মহাসড়কের দুই পাশের মিল ও কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট এলাকার পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাঁদের দেওয়ার সম্ভাবনা যাচাই করতে বলেন।
যেসব স্থানে এখনো ময়লা-আবর্জনা জমে রয়েছে, সেসব এলাকার উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
তারেক রহমান বলেন, পরিকল্পিতভাবে এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আমিনবাজার ও আশপাশের এলাকার সৌন্দর্য বাড়বে। একই সঙ্গে পরিবেশদূষণ কমিয়ে স্থানীয় মানুষের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ কাজে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা যাবে।
তিনি আশা প্রকাশ করেন, আমিনবাজারে পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগ দেশের অন্যান্য জেলার প্রশাসকদেরও অনুপ্রাণিত করবে। তাঁর মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার পরিবেশ আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

মন্তব্য করুন