সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম তাঁর সঙ্গে কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য প্রকাশ করে। দণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সিথি আখতার।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তের পর তাঁদের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শরিয়াহ আইনের অধীনে ‘তাআজির’ বা বিচারকের বিবেচনাধীন শাস্তির বিধান অনুসারে আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশের এই কূটনৈতিক উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন