অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার ৩৬ ওভারের ম্যাচে কুইন্সল্যান্ড ফায়ারের কাছে ৭০ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
আগে ব্যাট করে নির্ধারিত ৩৬ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে কুইন্সল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেন নট। হ্যারিস ৫০ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। উইনফিল্ড-হিলের ব্যাট থেকে আসে ৪৮ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে পিংকি চারটি এবং মারুফা আক্তার দুটি উইকেট নেন।
জয়ের জন্য ২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ফারজানা হক ১৬ এবং শারমিন সুলতানা ২৮ রান করে আউট হন।
এরপর সোবহানা মোস্তারি ও শারমিন সুপ্তার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শারমিন সুপ্তা ৬৭ বলে ৬৮ রান করেন। সোবহানা ৫৪ বলে করেন ৪৯ রান।
তবে শেষ পর্যন্ত বড় লক্ষ্য পেরোতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ৩৬ ওভারে ৭ উইকেটে ১৯৬ রানেই থামে তাদের ইনিংস।
কুইন্সল্যান্ডের হয়ে হ্যানকক তিনটি উইকেট নেন। বাসিংথওয়াইট, সুসি ও হ্যারিস একটি করে উইকেট শিকার করেন।
আগামী ৯ অক্টোবর অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের ভুলত্রুটি শুধরে মূল সিরিজে ভালো শুরুর লক্ষ্য থাকবে নিগার সুলতানা জ্যোতিদের।



মন্তব্য করুন