আইপিএলে এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। ২০২৭ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগে দুই মৌসুম দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেমাং বাদানি।

২০১৯ সাল থেকেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত গাঙ্গুলি। শুরুতে পরামর্শক হিসেবে কাজ করা এই সাবেক ভারতীয় অধিনায়ক পরে বিভিন্ন প্রশাসনিক ও কোচিং ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে কাজ করেন তিনি।

দিল্লির প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর গাঙ্গুলি বলেন, আইপিএলে প্রধান কোচ হিসেবে কাজ করার জন্য তিনি উন্মুখ। দিল্লি ক্যাপিটালস তার হৃদয়ের কাছের একটি দল এবং দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সহায়ক কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। তাই নতুন দায়িত্বটি তার কাছে একই সঙ্গে রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ। দলের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে নতুন মৌসুমে একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তুলতে চান তিনি।

দিল্লি ক্যাপিটালসকে এখন পর্যন্ত আইপিএলে শিরোপা এনে দিতে পারেনি কোনো কোচই। ২০২০ সালে দলটি প্রথমবারের মতো ফাইনালে উঠলেও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায়। ২০২১ সালে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেও ফাইনালে উঠতে পারেনি তারা।

এরপর থেকে দিল্লির পারফরম্যান্সে ধারাবাহিকতার ঘাটতি দেখা গেছে। ২০২১ সালের পর আর প্লে-অফে উঠতে পারেনি দলটি। সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির অধীনে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে দিল্লি।

এবার গাঙ্গুলির সামনে মূল চ্যালেঞ্জ হবে দীর্ঘদিনের শিরোপা-খরা কাটিয়ে দিল্লি ক্যাপিটালসকে আইপিএলের প্রথম শিরোপা এনে দেওয়া।