বায়ুদূষণের দিক থেকে আবারও বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে উঠে এসেছে ঢাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৬টা থেকে ৭টার লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ২৪৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী।
২৪৬ একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও প্রাতঃভ্রমণকারীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
সকালের তালিকায় ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের কলকাতা। ১৮৬ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে ছিল ভারতের দিল্লি ও মালয়েশিয়ার কুয়ালালামপুর।
এ ছাড়া পাকিস্তানের লাহোর ১৫৯, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৮, আফগানিস্তানের কাবুল ১৫৬, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৫২ এবং উজবেকিস্তানের তাশখন্দ ১৩৭ স্কোর নিয়ে তালিকায় ছিল।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমের শুরুতে বাতাসে ধূলিকণার পরিমাণ বাড়ছে। এর সঙ্গে যানবাহনসহ বিভিন্ন উৎসের ধোঁয়া যুক্ত হওয়ায় ঢাকার বায়ুমানের অবনতি হচ্ছে।
দূষণের উৎস নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নগরবাসীকে ব্যক্তিগত সুরক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন