জাতীয় দলের জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচের আগে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তাকে নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রকাশিত একটি ছবিও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রোজারিওতে দুই দিন থাকার পর বুয়েনস এইরেসে পৌঁছান আর্জেন্টিনা অধিনায়ক। এরপর কোচ লিওনেল স্কালোনির অধীনে দলের অনুশীলনে যোগ দেন তিনি।

বলিভিয়ার বিপক্ষে কর্ডোবা এবং বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে মেসি খেলেননি। তবে আন্তর্জাতিক সূচির শেষ ম্যাচে তাকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ হওয়ায় এটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিদায়ী ম্যাচ উপলক্ষে তার জন্য বিশেষ জার্সিও প্রস্তুত করা হয়েছে। এতে থাকবে দুটি হালকা নীল ও একটি সাদা স্ট্রাইপ। মাঝখানে থাকবে আর্জেন্টিনার পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও জার্সি নম্বর লেখা থাকবে সোনালি রঙে।

ম্যাচের পর বিশেষ জার্সিটি তার ট্রফি ও পুরস্কারের সঙ্গে ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানা গেছে।