বলিউড তারকা সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তি নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ এখনও শেষ হয়নি। এমনকি ছবিটির চূড়ান্ত সংস্করণও এখনো নির্ধারণ করতে পারেননি নির্মাতারা।
ফলে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) কাছে সিনেমাটি জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়নি। ছাড়পত্র না পাওয়ায় আপাতত ছবিটির মুক্তির তারিখও চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না।
‘মাতৃভূমি’ চলতি বছরের এপ্রিলেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে মুক্তি না পাওয়ার পর থেকেই সিনেমাটির নতুন মুক্তির তারিখ নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি পেতে পারে বলেও খবর ছড়িয়েছিল।
তবে সর্বশেষ তথ্য বলছে, সিনেমাটি এখনও ছাড়পত্রের জন্য প্রস্তুত হয়নি। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র প্রতিবেদনের বরাতে জানা গেছে, সংগীত পরিচালক রবি বসরুর বর্তমানে অক্টাভিয়া স্টুডিওসে সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করছেন।
এর পাশাপাশি সিনেমাটিতে বেশ কিছু পরিবর্তনের কাজও চলছে। নির্মাতাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন করা হচ্ছে। এসব কাজ শেষ হওয়ার পর সিনেমাটির চূড়ান্ত কাট নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সব পরিবর্তন ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হওয়ার পরই ‘মাতৃভূমি’ সিবিএফসির কাছে ছাড়পত্রের জন্য পাঠানো হবে। এরপর ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শেষ হলে সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে।
এদিকে সালমান খানের হাতে রয়েছে আরও একটি বড় সিনেমা। নির্মাতা ভামসি পেইডিপল্লির পরিচালনায় নির্মিতব্য এই সিনেমার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে এটি ‘মনস্টার’ নামে মুক্তি পেতে পারে বলে খবর রয়েছে।
সিনেমাটিতে সালমানের বিপরীতে নয়নতারা অভিনয় করতে পারেন বলেও জানা গেছে। আগামী বছর ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

মন্তব্য করুন