দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। গত মাসে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে প্রতি লিটারে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা, যা প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। নতুন এই মূল্য ৭ অক্টোবর রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির গড় প্ল্যাটস মূল্য এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে ব্যবহৃত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসক ছাড়া প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বেড়ে ১ দশমিক ১৮৮২ ডলার হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ দেশের সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে কার্যকর হবে।