চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তার করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ের সামনে অভিযান চালিয়েছে নগর পুলিশ। প্রায় এক ঘণ্টা অবস্থান করেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ সময় নগর ভবনের সামনে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বগা চসিক কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য খুলশী থানা-পুলিশ সেখানে যায়। তবে পুলিশ নগর ভবনের ভেতরে প্রবেশ করেনি। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশের অবস্থানের খবর পেয়ে বগার অনুসারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নগর ভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে পুলিশ ও উপস্থিত লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত বগাকে গ্রেপ্তার করা যায়নি। রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পুলিশ জানিয়েছে, খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে।
সেপ্টেম্বরের শুরুতে তাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে। সে সময় একটি গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান বলে পুলিশ জানায়। ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হন।
সম্প্রতি কিশোর হৃদয় হত্যাকাণ্ডের তদন্তেও বগা ও তার ভাইয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গত ৪ অক্টোবর বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন