
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চাবাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের উভয়ের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার এসআই আমির হোসেন।
জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহাদার স্বপন রাজভর দেখতে পান চা বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছের সঙ্গে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ।
পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন।
কিন্তু তাদের উভয়েই বিবাহিত ও সন্তান ছিল।
এই বিবাহের জের ধরে তাদের পরিবারে কলহের তৈরি হয়।
একপর্যায়ে মঙ্গল বাউরী নতুন স্ত্রীকে নিয়ে মাথিউড়া চা বাগানের নিমগাছের সঙ্গে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা।
তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে।
