ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল ও আশপাশের ১৫ থেকে ২০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে পৌর শহরের সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, আগুনে সিনেমা হলের সঙ্গে লাগোয়া এলপিজি সিলিন্ডারের গোডাউন, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ ১৫ থেকে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশে থাকা এলপিজি সিলিন্ডারের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝলমল সিনেমা হলটি একটি পুরোনো জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে সিনেমা হল ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।