ফেনীর পরশুরাম পৌরসভার গুথুমার ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে দু ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সকালে তাদেরকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে গুথুমার খারিজকোনা এলাকার কালাধন সরকার দুই ছেলে মো. করিম (২৮) ও স্বপন (২৪) মাছ ধরতে যায়। সকালে ঘটনাস্থলে তাদের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পরশুরাম পৌরসভার স্থানীয় কাউন্সিলর রসুল আহম্মেদ মজুমদার পুলিশকে জানান। পরে পুলিশ ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ ও বিজিপির পতাকা বৈঠক শেষে বিজিপি ঘটনাস্থল থেকে দু ভাইয়ের মরদেহ উদ্ধারের পর পুলিশকে হস্তান্তর করে।
ফেনীর ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশান চাকমা বলেন, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ঘটনাস্থলে মাছসহ ঝুড়ি ও একটি ছাতা পড়েছিল।
স্থানীয়দের বক্তব্য ও প্রাথমিক তদন্তে ধারণা করা যায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের জন্য দু ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
