করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের আর্থিক সংকটে থাকা ২৮০ জন ক্ষুদ্র ব্যবসায়িদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছে বিদ্যানন্দ রাজশাহী শাখা। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন মাঠে এই ত্রাণ বিতরণ কর্মসূচি করে সংগঠনটি।

প্রতিজনকে দশ কেজি সমপরিমাণ খাদ্যসামগ্রী দেয়া হয়েছে বলে জানান বিদ্যানন্দ রাজশাহী শাখা প্রধান মৌশুমী আক্তার।

তিনি বলেন, আমরা কিছুৃদিন আগে ক্যাম্পাসে গিয়ে দেখি সেখানকার বেশিরভাগ দোকানই বন্ধ। আমাদের কাছে মনে হলো দোকান বন্ধ থাকায় তাঁরা হয়তো আর্থিক সংকটে পড়েছেন। মূলত সেই চিন্তা থেকেই আমাদের উদ্যোগ নেয়া। আমাদের দেয়া প্রতিটি প্যাকেটে চাল, ডাল এবং আটা আছে যা দিয়ে একটি পরিবারের প্রায় দশ দিন অনায়াসে চলবে। এতে কিছুটা হলেও তাঁদের উপকার হবে বলে মনে করি।

মৌশুমী আরও বলেন, আমাদের কার্যক্রম মূলত অসহায় ও দুর্যোগপ্রবণদের সহযোগিতা করা। সারাদেশে আমাদের ১১টি শাখা একই ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি, ভবিষ্যতেও থাকবে।