ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ মো. রহমত উল্লাহ মুরাদ (২৬)এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।শনিবার (১৭ অক্টোবর) ভোর রাতে শহরতলীর লালপুলস্থ বেদে পল্লী থেকে তাকে আটক করা হয়। আটক মুরাদ ওই বেদেপল্লির মৃত হাসু মিয়ার ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী সদর উপজেলার লালপুল বেদে পল্লীতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে পেয়ে শুক্রবার দিবাগত রাত আড়ইটার দিকে সেখানে অভিযান চালায় র্যাব।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মুরাদকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯১ হাজার টাকা। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
