মানিকগঞ্জের সদর উপজেলার মিতরা এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকচাপায় আব্দুল্লাহ(২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক আব্দুল্লাহ মাগুরা জেলার কৌশিক শিকদারের ছেলে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র।
সদর থানার এসআই লুৎফর রহমান জানান, মোটরসাইকেল যোগে (মাগুরা ল-১১-৩৪৯৮) ঢাকা যাওয়ার পথে মিতরা এলাকার মিলন ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি তাকে চাপা দিলে কোমড়ের নিচের অংশ থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ২৩/২৪ বছর।
তার কাছে থাকা কাগজপত্র দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর দিকে ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় সিংগাইর উপজেলার গাড়াদিয়া ব্রিজের কাছে উল্টে গেলে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।
