চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকায় হেয়ার পার্ক নামে একটি সেলুনের মালিক কাজল শীলকে (৪৮) ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে জব্দ করা হয়েছে ৫০টি ইয়াবা।

গ্রেপ্তারকৃতরা হলেন, রতন শীল (৪০) ও অজিত শীল (৩৮)। রতন শীলে বাড়ি চন্দনাইশ ও অজিত শীলের বাড়ি বাঁশখালীতে।

রতন শীল ওআর নিজাম রোডের ইম্পালস সেলুনের কর্মচারী ও অজিত শীল কাজল শীলের মালিকানাধীন হেয়ার পার্ক সেলুনের কর্মচারী।

শুক্রবার পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, ও আর নিজাম রোডের ইম্পালস সেলুনে এক সময় চাকরি করতেন কাজল।

‘দুই মাস আগে তিনি কাতালগঞ্জ এলাকায় হেয়ার পার্ক নামে একটি সেলুন চালু করেন। এতে প্রতিহিংসাপরায়ণ হয়ে কাজলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন রতন ও অজিত।’

ওসি বলেন, পরিকল্পনার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার অজিত ৫০টি ইয়াবা কিনে হেয়ার পার্ক সেলুনে কাগজে মুড়িয়ে শ্যাম্পু ব্লেডের পাশে রাখে।

‘অন্যদিকে ইয়াবা কেনা-বেচার বিষয়টি আগে থেকে জানতে পেরে রতনকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি উপরোক্ত ঘটনা জানিয়ে এতে অজিতের সংশ্লিষ্টতার তথ্য দেন। এরপর অজিতকে গ্রেপ্তার করার পাশাপাশি ইয়াবাগুলো উদ্ধার করা হয়।’ বলেন ওসি কাশেম।