ঝিনাইদহের কালীগঞ্জে ফের প্রকাশ্য রূপ নিয়েছে বিএনপির কোন্দল, দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে উপজেলা বিএনপি। একটি গ্রুপ অন্য গ্রুপকে অবাঞ্ছিত ঘোষণা করে আলাদা কর্মসূচি পালন করছে। এ নিয়ে কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হাসান, অন্য গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি শহীদুজ্জামান বেল্টু ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ। দুই গ্রুপের কর্মসূচি-পাল্টা কর্মসূচি, ধাওয়া-পাল্টা ধাওয়া, অভ্যন্তরীণ কোন্দলের কারণে মামলায় ফেসে গেছে অনেক নেতা-কর্মী।

তৃণমূলের একাধিক কর্মী জানান, যেখানে ঝিনাইদহের অন্যান্য উপজেলায় বিএনপি ঐক্যবদ্ধ হতে কাজ করছে। সেখানে পদের জন্য দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রকাশ্য কোন্দলে জড়িয়ে পড়েছে কালীগঞ্জ বিএনপি। সম্প্রতি কালীগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দুই গ্রুপ একই স্থানে কর্মসূচি পালন করতে গিয়ে দিনে-দুপুরে সংঘর্ষে জড়িয়েছে। এসব ঘটনা বিএনপিকে জনবিচ্ছিন্ন করে দিয়েছে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তৃণমূলের অনেক নেতা-কর্মী।

তারা আরো জানান, একাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে মনোনয়ন দেয়ায় কেন্দ্রীয় বিএনপি। অথচ মনোনয়ন পেতে জোর তদবির চালিয়েছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম শহীদুজ্জামান বেল্টু। তিনি মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়ে উপজেলা বিএনপির অনেক নেতা-কর্মী। সেই থেকেই কালীগঞ্জে বিএনপির গ্রুপিং চলছে।

সাবেক ছাত্রনেতা ও ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য হামিদুল ইসলাম হামিদ জানান, সম্প্রতি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে তিনি ও কালীগঞ্জ বিএনপির সভাপতি এম শহীদুজ্জামান বেল্টু গুরুত্বপূর্ণ পদের দাবিদার ছিলেন। অথচ পুরো তালিকায় তাদের নামই নেই। বরং পদ দেয়া হয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ সুবিধাবাদী কিছু নেতাকে। এ কারণে কালীগঞ্জ বিএনপির কোন্দল-গ্রুপিং ফের প্রকাশ্যে রূপ নেয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হামিদুল ইসলাম জানান, বিএনপির দুঃসময়ে তিনি কালীগঞ্জের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন। এ উপজেলায় বিএনপিকে টিকিয়ে রাখতে অর্ধশতাধিক মামলার আসামি হয়েছেন। সেই সময় সাইফুল ইসলাম ফিরোজ কালীগঞ্জে আসেননি, নেতা-কর্মীদের খোঁজ নেননি। অথচ একাদশ সংসদ নির্বাচনে তিনিই মনোনয়ন পেলেন। এ কারণে কালীগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম ফিরোজ জানান, কালীগঞ্জ বিএনপিতে গ্রুপিং নেই। তবে কয়েকজন নেতা দলকে ভাঙতে কর্মকাণ্ড চালাচ্ছে। হাতে গোনা দুয়েকজনের জন্য উপজেলা বিএনপি ভাঙবে না। দলের সিনিয়র নেতারা শিগগিরই এ সমস্যার সমাধান করবেন।