মোংলা কওমি মাদ্রাসায় সহপাঠীর হামলা ও নির্যাতনের শিকার হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে পিতৃহারা এতিম খানার মাদ্রাসার ছাত্র শিশু সানি শেখ। অসুস্থ ওই শিশুর অভিভাবকদের খবর বা চিকিৎসা না দিয়ে দু’চোখে চুন আর হলুদের গুঁড়ো লাগিয়ে পড়ার কক্ষে আটকে রাখায় দুটো চোখই হারাতে বসেছে অসহায় এ শিশুটি। এ ব্যাপারে মা বাদী হয়ে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে তদন্ত করে সত্যতা পেলে ওই মাদ্রাসাশিক্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার।

শিশু বয়সেই বাবাকে হারিয়ে এতিম হয় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সানি শেখ। মায়ের আশা মাদ্রাসায় লেখাপড়া করে বড় হয়ে দ্বীনি ইসলামের কাজ এবং মা- বোনকে দেখভাল ও মাতা- পিতার জন্য দোয়া করবে বলে ২০১৮ সালের প্রথম দিকে মোংলার বহুমুখী কওমি মাদ্রাসায় ভর্তি হয় সানি। কিন্তু মাদ্রাসার শিক্ষকরা প্রায় সময়ই কারণে অকারণে মারধর করতেন সানিকে। পাশাপাশি বহুবার সহপাঠীদের হাতেও নির্যাতনের শিকার হতে হয়েছে সানিকে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৮ অক্টোবর রাতে পড়ার কক্ষে হঠাৎ রমজান নামের এক সহপাঠী ছাত্র ঝাঁপিয়ে পড়ে সানির ওপর। ওই সময় রমজান হাত দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা করে এবং দুই হাত দিয়ে সানির চোখের পাশে রক্তাক্ত জখম করে রমজান। এ সময় সানির ডাক চিৎকারে অন্য সহপাঠীরা এগিয়ে আসলেও মাদ্রাসায় দায়িত্বে থাকা শিক্ষক মাওলানা নুরানিসহ অন্যরা এগিয়ে আসেনি বলে অভিযোগ সানিসহ তার পরিবারের। রাতে বা সকালে সানির অভিভাবককে খবর না দিয়ে দুই চোখে চুন ও হলুদের গুঁড়া দিয়ে পড়ার কক্ষে আটকে রাখেন শিক্ষকরা। অন্য ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শনিবার (১০ অক্টোবর) বিকেলে মা রাবিয়া বেগম আহত ছেলেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। তবে চোখের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় মেডিকেলে নেয়ার পরামর্শ দেয় চিকিৎসক। এ ঘটনা জানাজানি হলে মাদ্রাসাজুড়ে নানা গুঞ্জন শুরু হয় এবং ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। থানার অভিযোগের সূত্র ধরে রোববার (১১ অক্টোবর) রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বহুমুখী মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক ও নির্যাতনের শিকার ছাত্র সানি ও তার অভিভাবকদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলে জানান এএসআই সাধন কুমার।

মা রাবিয়া বেগম জানায়, অল্প বয়সে স্বামীকে হারিয়ে দুই সন্তান বুকে আঁকড়ে ধরে রেখেছি। মাদ্রাসায় লেখাপড়ার জন্য দিয়েছি, বড় হয়ে মাওলানা হবে। কিন্তু ছেলেকে মেরে চোখে চুন ও হলুদের গুঁড়ো লাগিয়ে রুমে আটকে রেখেছে, অসুস্থ ছেলেকে দেখতে খবরও দিলেন না মাদ্রাসার শিক্ষকরা।

মাদ্রাসায় শিক্ষক নুরানি বলেন, বিভিন্ন এলাকার ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করতে আসে, তবে বেশি ছাত্র-ছাত্রী এক জায়গায় থাকলে একটু সমস্যা তো থাকবেই। তবে নিজের দোষ স্বীকার করে আহত শিশুটাকে সুস্থ করার জন্য নিজেরা হলুদের গুঁড়ো ও চুন দিয়ে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বহুমুখী মাদ্রাসায় সহপাঠীর হামলায় সানি নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছে শুনেছি। অভিভাবকদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়েছে এবং বলে দেয়া হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।