সিরাজগঞ্জের কাজিপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “পল্লী কর্মসংস্থান সড়ক রক্ষণাবেক্ষণ-৩ শীর্ষক প্রকল্পের আওতায়় নিয়োজিত কর্মীদের মাঝে মাসিক মজুরি প্রদান উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু চেক প্রদানের মাধ্যমে এই শুভ কাজের উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, মাইজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, নওশাদ আলী, কমিউনিটি অর্গানাইজার আব্দুল হামিদ। প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে উপজেলার ২০কিঃমিঃ রাস্তা রক্ষণাবেক্ষণ করতে গ্ৰামীন অসহায় ১শ ১০জন কর্মক্ষম মহিলাকে কর্মসংস্থানের আওতাভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রোকুনুজ্জামান খান বলেন, এতে করে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, গ্রামীণ রাস্তা-ঘাট পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে, ছোট-খাটো সমস্যার সংস্কার হবে।
