লক্ষ্মীপুরের রায়পুরে কুলসুমা বেগম (২৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনার নিহত গৃহবধুর স্বামী মো. মিজানকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড আশ্রায়ন কেন্দ্রের মল্লিক বাড়িতে এঘটনা ঘটেছে। পরে সকালে পুলিশ নিহত কুলসুমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় নিহতের স্বামী মিজানকে আসামী করে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

নিহতের ভাই মনির হোসেন জানান, বিয়ের পর থেকে কুলসুমা বেগমকে তুচ্ছ ঘটনা নিয়ে বেদম মারধর ও ঘর থেকে বের করে দিতো তার স্বামী মিজান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে। প্রতিবারই মাফ চেয়ে পার পেয়ে যেত মিজান। মামলা করতে গেলেও এলাকার মাতবরদের কারনে তা করতে পারিনি। শনিবার রাত তিনটায় আবার তুচ্ছ ঘটনায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুদ্ধ হয়ে মিজান কুলসুমাকে শাসরোধ করে হত্যা করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। এ সময় গ্রামবাসী মিজানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য রোকন দেওয়ান বলেন, গৃহবধু কুলসুমাকে নির্যাতন করে হত্যা করা হতে পারে। কারণ এ ঘটনার আগে একাধিকবার স্বামীর দ্বারা-অত্যাচার নির্যাতনের বিচার চেয়েছিলো কুলসুমা। পরিবারের সাথে আমিও মিজানের কঠিন বিচারের দাবি জানাই।

রায়পুর হাজিমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৃহবধুর স্বামী মো. মিজানকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।