আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। তবে নতুন এ নিয়ম কার্যকর হবে ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে।

মঙ্গলবার বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১৯ আগস্ট অনুষ্ঠিত বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন নিয়মটি কার্যকর করার জন্য ২০৩০ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তির পরবর্তী কার্যক্রমে নতুন বয়সসীমা অনুসরণ করতে হবে।