চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে ফাতেমা (৪০) ও তাঁর আট বছর বয়সী ছেলে রাকিবের পরিচয় জানা গেছে। তাঁদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন।

এ সময় ঢাকামুখী একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।