রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন নিরসনে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। ফলে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে সাজেকের উজো বাজারে দুই সংগঠনের নেতাদের সঙ্গে সরকারি প্রতিনিধিদলের বৈঠক হয়। প্রায় আড়াই ঘণ্টা আলোচনা শেষে কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।
আন্দোলনকারীদের দাবি, সাজেক থেকে সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে সরকারপক্ষ তিন সপ্তাহ সময় চেয়েছে। তবে আন্দোলনকারীরা এ বিষয়ে সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সাজেকবাসীর পাঁচ দফা দাবি লিখিতভাবে উপস্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো—২২ অক্টোবরের ঘটনায় হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি, দায়ের করা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ এবং সাজেক থেকে সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া।
বৈঠকে সমঝোতা না হলেও পরবর্তী সময়ে আবার আলোচনায় বসার বিষয়ে আশাবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না আসা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠন দুটি।

মন্তব্য করুন