রাজধানীর গুলশানে কিংফিশার বার ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকার অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮২৭ লিটার বিদেশি মদ এবং ৫৩৩ লিটার বিয়ার।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে আইডিবি ভবনে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক রিজভি আহমেদ। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশে যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে এনবিআরের চারটি দপ্তর—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অভিযানে সহায়তা করেন।
কর্মকর্তারা জানান, রেস্তোরাঁর দৃশ্যমান তাকগুলোতে মদের পরিমাণ দেখে সন্দেহ হলে ভেতরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মাছ ও স্টেকের বিজ্ঞাপনসংবলিত একটি বিলবোর্ডের পেছনে গোপন বেজমেন্টের সন্ধান পাওয়া যায়।
বিলবোর্ডের আড়ালে থাকা দরজায় পাসওয়ার্ড-সুরক্ষিত নিরাপত্তাব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা ছিল। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা চাবি দিতে অস্বীকৃতি জানান এবং অসহযোগিতা করেন বলে দাবি করেছে অভিযান পরিচালনাকারী দল। পরে আইনগত ক্ষমতা প্রয়োগ করে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।
গোপন কক্ষ থেকে ভ্যাট ৬৯, চিভাস, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েলস ও অ্যাবসলুট ভদকাসহ বিভিন্ন ব্র্যান্ডের ৮২৭ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য চার কোটি ৯৫ হাজার টাকা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ৫৩৩ লিটার বিয়ারও জব্দ করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দাবি, জব্দ করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব পণ্যের উৎস, আমদানি-সংক্রান্ত নথি এবং শুল্ক-কর পরিশোধের বিষয় যাচাই করা হচ্ছে।
অবৈধভাবে মদ ও বিয়ার মজুত এবং রাজস্ব ফাঁকির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন