বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত উৎপাদনশিল্প খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে মাসুমি কাকিনোকির সৌজন্য সাক্ষাৎ হয়। তিনি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতির দায়িত্বও পালন করছেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। মাসুমি কাকিনোকি দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ ও নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির প্রত্যাশা জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এ সময় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের আধুনিকায়ন এবং দেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে জাপানের সহযোগিতা চান তিনি।

তারেক রহমান আরও বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নিয়ন্ত্রক সংস্থার সংস্কার, অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে কাজ করছে সরকার।

বৈঠকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ অক্টোবর ঢাকায় মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। সে সময় তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল।