চলতি বছরে এক লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশভিত্তিক বেতন কাঠামো ও কর্মপরিবেশ যাচাই করে সদস্যদের বিদেশে কাজের জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন, প্রায় ৬০ লাখ সদস্যের এই বাহিনী থেকে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি রাষ্ট্রদূতদের নির্ধারিত চাহিদার ভিত্তিতে কর্মী নির্বাচন ও পাঠানোর ব্যবস্থা করা হবে।
তিনি জানান, জনশক্তি রপ্তানির পরিধি বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে।
এর আগে সিঙ্গাপুর, মালদ্বীপ, মরক্কো ও কসোভোর রাষ্ট্রদূতেরা সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেন। এ সময় তারা আনসার সদস্যদের কারিগরি দক্ষতার মান যাচাই করেন। রাষ্ট্রদূতদের স্বাগত জানান বাহিনীর মহাপরিচালক।
পরিদর্শনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন