ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এর আগে দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভায় কর্মসূচিগুলো চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতারা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
একই দিন বেলা ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। জেলা ও মহানগর পর্যায়েও একই কর্মসূচি পালন করবে দলটি। পরদিন ৮ নভেম্বর সারা দেশের থানা ও উপজেলা পর্যায়ে র্যালির আয়োজন করা হবে।
দিবসটি উপলক্ষে ৬ নভেম্বর বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
সংগঠনভিত্তিক কর্মসূচির মধ্যে রয়েছে, ৫ নভেম্বর শ্রমিক দলের আলোচনা সভা, ৯ নভেম্বর সকাল ১১টায় কৃষক দলের আলোচনা সভা এবং একই দিন বিকেল ৩টায় জাসাসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যুবদল ১০ নভেম্বর আলোচনা সভার আয়োজন করবে।
ছাত্রদল ৭ নভেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভা করবে। অন্যদিকে, ওলামা দল এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবে।
নয়াপল্টনে অনুষ্ঠিত যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত কর্মসূচি সফল করতে ঢাকা ও সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

মন্তব্য করুন