জরুরি পরিস্থিতিতে দুর্গম এলাকায় খাবার, পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ব্যবহারের লক্ষ্যে ৭০ কেজি পর্যন্ত ভার বহনে সক্ষম একটি রেসকিউ ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার (২৬ অক্টোবর) পূর্বাচলে ফায়ার সার্ভিসের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উদ্ধারকাজে ড্রোনটি ব্যবহার করা হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, তা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যারাব) ড্রোনটি সংগ্রহ করেছে। দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী উদ্ধারকাজে এটি ব্যবহার করা সম্ভব কি না, পরীক্ষার মাধ্যমে তা যাচাই করা হয়েছে।

তবে ড্রোনটি ফায়ার সার্ভিসের নিয়মিত উদ্ধার কার্যক্রমে যুক্ত করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর কার্যকারিতা ও ব্যবহারিক সক্ষমতা আরও যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরীক্ষামূলক উড্ডয়নের সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন) একেএম শামসুজ্জোহাসহ ফায়ার সার্ভিস ও অ্যারাবের কর্মকর্তারা।

ড্রোনটি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হলে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দুর্গম এলাকায় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।