অসুস্থতা ও বিশ্রামে থাকার পরামর্শের মধ্যে মুম্বাইয়ে নিজের বাড়ি জলসার সামনে ভক্তদের দেখা দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। রবিবার (২৫ অক্টোবর) বাড়ির বাইরে এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এ সময় নিজের শারীরিক অবস্থা ভালো বলেও আশ্বস্ত করেন ভক্তদের।
সম্প্রতি অসুস্থতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুটা বিরতি নেওয়ার কথা বলেছিলেন অমিতাভ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হয়ে উঠতে তার আরও কিছুটা বিশ্রাম প্রয়োজন বলেও জানিয়েছিলেন তিনি।
এর মধ্যেই তার বাড়িতে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর খবর সামনে আসে। এ ঘটনায় অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে তার বাড়ির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে জলসার সামনে অমিতাভকে দেখে স্বস্তি পান ভক্তরা। এ সময় তার ছেলে অভিষেক বচ্চনও সঙ্গে ছিলেন। কঠোর নিরাপত্তার মধ্যেই ভক্তদের সঙ্গে কিছু সময় কাটান এই অভিনেতা।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মুম্বাই পুলিশের কাছে অমিতাভের বাংলোকে লক্ষ্য করে বোমা হামলার হুমকির বিষয়ে তথ্য জানানো হয়। মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুলে ইমেইলটি পাওয়া গিয়েছিল বলে জানা গেছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তবে হুমকির সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন