বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সূচকে ঢাকার স্কোর ছিল ১৬৯। এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউ এয়ারের তালিকায় ২০৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৯৭। একই দেশের করাচি ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয় ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।

সূচক ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

বায়ুর মান অস্বাস্থ্যকর থাকায় শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তদের বাইরে চলাচলে সতর্ক থাকা প্রয়োজন।