ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন আজ ২৬ অক্টোবর। বিশেষ দিনটির প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। আর সেই ভিডিওতে দীঘির নতুন সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি দেখে অবাক হয়েছেন অনেক ভক্ত।

৩০ সেকেন্ডের ভিডিওতে দীঘিকে দেখা গেছে নান্দনিক পরিবেশে। টেবিলজুড়ে জ্বলছে লম্বা সাদা মোমবাতি, সাজানো রয়েছে ফুল ও মুক্তার মালা। হালকা নীল রঙের গাউন, পরিপাটি খোঁপা ও মানানসই সাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে কখনো ফুলের তোড়া হাতে দেখা গেছে দীঘিকে, আবার কখনো জন্মদিনের মোমবাতি নিভিয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি শিশুশিল্পী হিসেবে পরিচিত সেই দীঘির সঙ্গে বর্তমান সময়ের চিত্রনায়িকার পরিবর্তন নিয়েও মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট দীঘি।’ আরেকজনের মন্তব্য, ‘এটা সেই ছোট্ট দীঘি না?’

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা দীঘি সময়ের সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জন্মদিনের ভিডিও ঘিরে ভক্তদের প্রতিক্রিয়ায় আবারও উঠে এসেছে তার দীর্ঘ পথচলার স্মৃতি।