রাজধানীর তিনশ’ ফিট এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে গত এক বছর ধরে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। অনলাইনে নিবন্ধন করে এসব আয়োজনে অংশ নিতে হতো। জনপ্রতি প্রায় ৬০০ টাকা ফি নেওয়া হতো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
বুধবার (২১ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে উচ্চ শব্দে গান বাজিয়ে পার্টি চলছিল। বাড়ির সামনে ও ভেতরে প্রায় ২২টি গাড়ি ছিল। সীসা সেবনের কারণে ভেতরের পরিবেশ ধোঁয়াচ্ছন্ন ছিল।
অভিযানের সময় ২৬ জন তরুণীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়। আটক নারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের সবাই শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও রয়েছেন। আটক পুরুষদের মধ্যে শিক্ষার্থী, করপোরেট চাকরিজীবী ও ব্যবসায়ী ছিলেন।
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। মাসে প্রায় ২০ থেকে ২২ দিন অনুষ্ঠান চলত। অংশগ্রহণের ফি ছাড়াও বাড়ি ভাড়া বাবদ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অভিযানে মদের তিনটি বোতল, ইয়াবা, ‘কুশ’ নামের একটি মাদকদ্রব্য এবং যৌনস্বাস্থ্য-সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভবনটিতে পাঁচটি কক্ষ ছিল।
ডিএমপির কর্মকর্তা জানান, আটক পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও ১৫ দিন কারাভোগ করতে হবে। নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগ করতে হবে।

মন্তব্য করুন