ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোনা ও হীরা কেনার উৎস এবং অর্থপাচারের অভিযোগে গুলশান থানায় করা মামলায় মঙ্গলবার (২০ অক্টোবর) দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশের আবেদনে বলা হয়, হত্যাচেষ্টা মামলার ঘটনার রহস্য উদ্‌ঘাটন, হামলায় জড়িত অন্য আসামিদের শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তদন্ত কর্মকর্তা আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

মামলাটি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা হয়েছে। এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের পশ্চিম পাশে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনা ঘটে।

মামলার বাদী আব্দুল জব্বারের অভিযোগ, সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে থাকা ছাত্র-জনতার ওপর আসামিদের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মেরুদণ্ডের নিচের অংশ ও কোমরের ওপরের দিকে আঘাত পান। পরে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।

উত্তরা পশ্চিম থানায় ২০২৫ সালের ২৭ মার্চ দায়ের করা এ মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৯, ৩২৬, ১০৯ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।