সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকাকালে পুলিশের ইউনিফর্ম পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য উদয়ন ফারুক সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) এসএমপি কমিশনারের স্বাক্ষরিত আদেশে তাকে ক্লোজড করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি।

তার গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।