দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দাম্পত্য জীবন নিয়ে মজার মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন বিজয়। তাঁর ভাষ্য, বিয়ের প্রথম ও একমাত্র শর্ত হলো স্ত্রীর সব কথা মেনে চলা।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমের দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছেন বিজয় ও রাশমিকা। সেখানে তাঁদের দাম্পত্য জীবনের নানা মজার মুহূর্ত ও বিয়ের গল্প উঠে এসেছে।
অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর রাশমিকাকে প্রশ্ন করেন, বিজয় কি তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? জবাবে রাশমিকা জানান, বিজয়ের পক্ষ থেকে তেমন কোনো প্রস্তাব আসেনি।
এরপর বিজয় বলেন, রাশমিকাই তাঁকে বিয়ের কথা বলেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, রাশমিকা বলেছিলেন, ‘চলো আমরা বিয়ে করে নিই।’ উত্তরে বিজয় মজা করে বলেছিলেন, ‘তুমি তো আমাকে ১০০ বার বলেই ফেলেছ, তাহলে চলো বিয়েটা আমরা সেরেই ফেলি।’
করণ জোহর বিষয়টি নিশ্চিত হতে আবারও রাশমিকাকে প্রশ্ন করলে তিনি হেসে স্বীকার করেন, সত্যিই তিনি বিজয়কে বিয়ের কথা বলেছিলেন। শুধু তা-ই নয়, প্রায় এক বছর ধরে বিজয়কে বিয়ের জন্য বলে আসছিলেন তিনি।
অনুষ্ঠানের আরেক পর্যায়ে করণ জানতে চান, রাশমিকা ছাড়া অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পর্দার রসায়ন জমে উঠছিল কি না। জবাবে রাশমিকা মজার ছলে বলেন, কারও সঙ্গেই নয়।
এ সময় বিজয়ও দাম্পত্য জীবন নিয়ে রসিকতা করে বলেন, বিয়ের প্রথম ও একমাত্র শর্ত হলো স্ত্রীর সব কথা মেনে চলা। তাঁর এই মন্তব্যে অনুষ্ঠানে হাস্যরসের সৃষ্টি হয়।
পর্বটির প্রোমো প্রকাশের পর থেকেই বিজয় ও রাশমিকার কথোপকথন নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানে র্যাপিড ফায়ারসহ বিভিন্ন মজার খেলায় অংশ নেন এই তারকা দম্পতি। তাঁদের খুনসুটি ও বিয়ের গল্পই পর্বটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন