কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ঢেউ ও স্রোতের টানে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্যটকদের একটি দল সৈকতে গোসল করতে নামলে ঢেউ ও স্রোতের টানে কয়েকজন ভেসে যান।
পরে স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে নিহত ও নিখোঁজ পর্যটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছিল।

মন্তব্য করুন