নীলফামারীর দারোয়ানি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে নীলফামারী শহরের দারোয়ানি এলাকায় ট্রেন থামিয়ে অবরোধ শুরু করেন স্থানীয়রা।

অবরোধকারীদের দাবি, দারোয়ানি একটি গুরুত্বপূর্ণ এলাকা হলেও সেখানে ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি নেই। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের ইউনিয়নের যাত্রীদেরও যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া ব্যবসায়ীদের দূরপাল্লায় পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে দারোয়ানি স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানান তারা।

অবরোধের কারণে রকেট মেইল ট্রেনটি দারোয়ানি এলাকায় আটকা পড়ে। এ ছাড়া চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস নীলফামারী স্টেশনে আটকে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রেলওয়ে স্টেশন মাস্টার ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। দারোয়ানি স্টেশনে কোন কোন ট্রেনের যাত্রাবিরতি চালু করা সম্ভব, তা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও।