ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৩৪টি ফ্লাইট বাতিল হওয়ায় ২০ হাজার ২৫৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি ছিল সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। এর ফলে সৌদি আরবগামী যাত্রীদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার পরিকল্পনা করা যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন গন্তব্য থেকে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে সংশ্লিষ্ট দেশ থেকে ফ্লাইট বাতিল হওয়ায় ঢাকা থেকে যাত্রী পরিবহন করা হয়নি।
সম্প্রতি হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দাম্মামেও হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ রাখে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বাতিল ঘোষণা করে।

মন্তব্য করুন