প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুটপাত পরিদর্শনের সময় তাকে অনুসরণ করে কাছাকাছি যাওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তানভীর জোমাদ্দার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি তানভীরও সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি অন্যদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশ কাটিয়ে তানভীর প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করে। পরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে শনাক্তের পর আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।