সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগষ্ট) বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে এ মানববন্ধনে প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় সাংবাদিক সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি উত্তম শর্মা বলেন, “একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করার অর্থ হলো সত্যকে রক্তাক্ত করা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃআব্দুল জলিল বলেন, “সাংবাদিক হত্যা কোনো ব্যক্তি নয়, গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর আঘাত। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় উপস্থিত সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান।

পরিশেষে, নিহত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।