সিরাজগঞ্জের কাজিপুরে ধান খেত থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার পশ্চিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। ডিবি পুলিশের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সবুর মিয়া উপজেলার বরশিভাঙ্গা গ্রামের মৃত মাজেম মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। দীর্ঘদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে তিনি উপজেলার পশ্চিম খুকশিয়ায় শ্বশুর বাড়িতে ঘর জামাতা থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, (শনিবার) সন্ধ্যায় বরশিভাঙ্গা-কবিহার সড়কের পাশের নির্জন এলাকার একটি ছোট ধান খেতে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেন তারা। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি জানাজানি হলে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে চলে আসেন।

নিহতের স্ত্রীর বড় ভাই মজনু মিয়া বলেন, ‘সবুরের ভাইদের সাথে সবুরের পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন ধরে। সে কারণে স্ত্রী সন্তান নিয়ে পশ্চিম খুকশিয়ায় তার শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। ওখান থেকে এসে বরশিভাঙ্গায় তার জমিজমা আবাদ করতো। মাঝেমধ্যে বাড়িতে গেলেও নিজ বাড়িতে না থেকে প্রতিবেশীদের বাড়িতে থাকতেন।’

তিনি আরও বলেন, ‘গতকাল সকালে জমিতে আবাদ করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সবুর। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ এই ধান খেতে তার লাশ পাওয়া গেলো।’

রাতে কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, সন্ধ্যায় কেউ একজন ফোন দিয়ে বলে লাশ পাওয়া গেছে। পরে আমরা এসে উদ্ধার করি। লাশ দেখে সন্দেহজনক মনে হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর আসল ঘটনা উদঘাটন সম্ভব হবে।’ ওসি বলেন, ‘দেখে মনে হয়েছে ২৪ ঘণ্টা আগের লাশ। আইনি প্রক্রিয়া চলমান। ‘