রাজশাহীতে ডেঙ্গুর পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ জরিপে দেখা গেছে, শহরের ৫৭.৩৩% বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ঝুঁকিপূর্ণ সীমার প্রায় তিন গুণ বেশি। এর ফলে ডেঙ্গু এখন শুধু রাজধানীকেন্দ্রিক নয়, বরং স্থানীয়ভাবেই দ্রæত ছড়িয়ে পড়ছে। গত দুই মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে চারজন মারা গেছেন। এ পরিস্থিতিতে রাজশাহী সিটি করপোরেশনকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের তথ্যমতে, প্রতিবছর বর্ষার আগে, বর্ষার সময়ে এবং বর্ষার পর—এই তিন পর্যায়ে ডেঙ্গুর ওপর জরিপ চালানো হয়।
মার্চ–এপ্রিল ২০২৫: ১০–১৫% এলাকায় এডিস লার্ভা শনাক্ত। জুলাই ২০২৫: ৫৭.৩৩% বাড়িতে লার্ভা শনাক্ত। ২০২৪ সালের তুলনায় বৃদ্ধি, গত বছর একই সময়ে ছিল ৪৫.৩৩%।
স্বাস্থ্য বিভাগের কীটতত্ত¡ টেকনিশিয়ান আব্দুল বারী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে বলা আছে, ২০% এর বেশি এলাকায় এডিসের উপস্থিতি থাকলে তা ঝুঁকিপূর্ণ। সে হিসাবে রাজশাহীর বর্তমান অবস্থা ভয়াবহ।
আব্দুল বারী পরামর্শ দেন— ফুলের টব ও পাত্রে যেন পানি জমে না থাকে, পানির ট্যাংকিতে মাছ ছেড়ে দেওয়া, বাড়ি ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা।
তিনি জানান, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, ব্যক্তিগত উদ্যোগও জরুরি।
রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসের কীটতত্ত¡বিদ উম্মে হাবিবা বলেন, “আমরা ৭৫টি বাড়িতে জরিপ করে দেখেছি, ফুলের টব, ডাবের খোলা, খেলনা হাঁড়ি, দইয়ের হাঁড়িসহ নানা পাত্রে এডিস লার্ভা রয়েছে।” এ ফলাফল সিটি করপোরেশনকে পাঠিয়ে নিয়ন্ত্রণের সুপারিশও দেওয়া হয়েছে।
বর্ষা শুরুর পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু।
ডা. শংকর কুমার বিশ্বাস জানান, “আগে রোগীরা অন্য শহর থেকে সংক্রমণ নিয়ে আসত, কিন্তু এখন তারা স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছে।”
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, “আমরা মনে করি গোটা শহরেই এডিস মশা আছে। সে অনুযায়ী কার্যক্রম চালানো হচ্ছে।” তিনি জানান, বর্ষার পানি জমে থাকা প্রতিরোধ এবং মশা নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
