দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় বীরগঞ্জ জামায়াত অফিসের সামনে গরিব ও অসহায় মানুষের মাঝে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে ১৩০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান এ সহায়তা প্রদান করেন।
এসময় মোঃ মতিউর রহমান বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। টিউবওয়েল স্থাপনের মাধ্যমে মানুষ যেন নিরাপদ ও বিশুদ্ধ পানি পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আপনারা আমার কাছে টিউবওয়েল চাননি, তবুও আমি সংগঠনের দায়িত্বশীলদের সহায়তায় আপনাদের খুঁজে বের করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শুধু টিউবওয়েল বিতরণ নয়, বরং প্রতিটি টিউবওয়েলের সেটিংসহ সমস্ত খরচ বহনের দায়িত্বও আমি নিয়েছি—ইনশাআল্লাহ।”
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “আপনাদের দোয়া চাই, আল্লাহ যদি আমাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে কবুল করেন, তবে আমার এমপি পদমর্যাদার প্রতিটি সুবিধা গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো। ইনশাআল্লাহ, আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।”
এই মহতী উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। অনেকেই জানান, এই টিউবওয়েলগুলো তাদের দৈনন্দিন জীবনে বিশাল উপকারে আসবে এবং দীর্ঘদিনের পানির কষ্ট দূর করবে।
