অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা মালিক-চালকদের কর্মবিরতি চলছে ব্রাহ্মণবাড়িয়া।

রবিবার (২৭ জুলাই) সকাল থেকে জেলাজুড়ে শুরু হওয়া এ কর্মবিরতি পালন করছেন তাঁরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

এ-র আগে শনিবার (২৬ জুলাই) জেলা শহরের মেড্ডা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ’র জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

রোববার সকালে সরেজমিন সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড গিয়ে দেখা যায়, লাঠিছুটা নিয়ে জড়ো হয়ে আছেন শ্রমিকরা। তবে কোন সিএনজি ছেড়ে যাচ্ছে না। যাত্রীরা ব্যাটারীচালিত আঁটোরিকশা করে যেতে চাইলে সিএনজির শ্রমিকরা তাদের গাড়ির সিট খুলে ঘুরিয়ে দিচ্ছে। যাত্রীরা পরে দীর্ঘক্ষণ অপেক্ষায় পায়ে হেঁটে যাচ্ছেন।

সরাইল উপজেলার অরুইয়াল থেকে আসা বিশ্বরোডে এক শিক্ষার্থী বলেন, সকাল ৭টায় বাসা থেকে বাহির হয়েছি, বিশ্বরোড আসতে পাঁচবার গাড়ি চেঞ্জ করতে হয়েছে। আজ আমার পরীক্ষা সময়মত উপস্থিত হতে না পারলে আমার একটা বছর শেষ হয়ে যাবে। এর দায়বার কে নিবে।

নন্দনপুর যাওয়া রাসেল মিয়া বলেন, আমি বিশ্বরোড থেকে সিএনজি দিয়ে নন্দনপুর নিয়মিত অফিসে যায়।এখন হেটে যেতে হচ্ছে। এদিকে সড়কে কিছু ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে এসব চলাচলেও সিএনজি শ্রমিকরা মারধর করে বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরাইল উপজেলা ব্যাটারীচালিত আঁটোরিকশা সংগঠনের নেতা স্বপন মিয়া জানান, সিএনজি কর্মবিরতির সাথে আমাদের ব্যাটারীচালিত অটোরিকশা কোন সম্পর্ক নেই। তাঁরা আজকে বিভিন্ন পয়েন্টে আমাদের ব্যাটারীচালিত আটোরিকশা চালকদের মারধর করছে। আমরা সংঘর্ষে লিপ্ত হতে চাই না। আমরা আইনের সহায়তা চাচ্ছি। আর যদি প্রশাসন না পারে তাহলে আমরা রিকশা চালকরা অন্য চিন্তা করব।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মিজানুর রহমান বলেন, সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতিতে চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। তাদের অভিযোগ ট্রাফিক পুলিশকে ঘুষ না দিলে মামলা ও জরিমানার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। বর্তমানে প্রায় ১০০টিরও বেশি সিএনজি অটোরিকশা জব্দ রয়েছে।

এ ছাড়াও, বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সে ভোগান্তি পোহাতে হচ্ছে। সিএনজি লাইসেন্স কার্যক্রমও বন্ধ রয়েছে, ফলে মালিক-চালকরা আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। যাদের কাগজ পত্র নেই বা রেজিস্ট্রেশন ছাড়া চলছে তাদের গাড়ি আটক করা হচ্ছে। কাগজপত্র আনলে ছেড়ে দেওয়া হচ্ছে। যাদের কাগজপত্র আছে তারা নির্বিঘ্নে চলতে পারছে। তারা চাচ্ছে তাদের কোনো গাড়ি যেন আমরা না ধরি। ট্রাফিক পুলিশ যেন কোনো ব্যবস্থা নিতে না পারে। আর তাদের কোনো প্রতিনিধিও এ বিষয়ে আমাদের কাছে আসেননি।