লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় দেশের কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কিন্ডারগার্টেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার তুষভান্ডার সুপার মার্কেটের সামনে কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকার যখন দেশের সকল শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিতের কথা বলছেন, তখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়েছে। এটি চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে তারা উল্লেখ করেন’।
শিক্ষকরা আরও বলেন, একই বয়সের শিক্ষার্থীরা এক পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণিতে অধ্যয়ন করলেও শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের ন্যায্য মূল্যায়নের পথে বড় বাধা। তাই আগামী বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে আরও জানানো হয়, এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে সারাদেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষিকা মন্ডলীরা।
