বিদেশী পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদ’ (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। দিবাগত রাত ৩টার দিকে মহানগরীর সাহেববাজার বড় কুঠি মাস্টার পাড়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে মুরাদ কে গ্রেপ্তার করে। ওই এলাকার বাসিন্দা।

র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। পরে সোমবার (২১ শে জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৫ জানায়, একটি বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগজিন, একটি গুলি, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে সন্ত্রাসী মুরাদের কাছ থেকে।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরেই মুরাদকে নজরদারিতে রাখা হয়েছিল। ককটেল মুরাদ শেখ একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে-এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।

এ সময় মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। মুরাদ এর আগেও বিপুল পরিমাণ ককটেলসহ ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো হয়েছে।