রাজশাহীতে বিএনপির এক নেতাকে ‘সাজানো’ মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

রবিবার (২০ জুলাই) রাজশাহী সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন মহানগর বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব তবিবুর রহমান সুমন।

সুমন জানান, পাওনা টাকা তুলতে গত ৮ জুলাই বাঘা পৌর এলাকায় গেলে স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত সনেটের সঙ্গে দেখা হয়। সনেট তাকে চায়ের দোকানে বসিয়ে চা খাওয়াচ্ছিলেন। এমন সময় বাঘা থানা পুলিশ গিয়ে দুজনকেই গ্রেপ্তার করে।

পরদিন পুলিশ তাদের দু’জুনের বিরুদ্ধেমাদক আইনে মামলা দেয়। মামলার এজাহারে সুমনের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, সনেটের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারের কথা উল্লেখ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। গেল শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন সুমন।
সংবাদ সম্মেলনে সুমন দাবি করেন,
‘
সনেটের বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে, সে স্বাভাবিকভাবেই মাদক ব্যবসায়ী। কিন্তু আমার নামে আগে কখনও কোনো মামলা ছিল না। থানায় নিয়ে পুলিশ বলেছিল এক লাখ টাকা দিলে ছেড়ে দেবে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় পুলিশ আমার বিরুদ্ধে গাঁজা উদ্ধারের নাটক সাজিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ জোর করে আমাকে দিয়ে ২০০ টাকার গাঁজা উদ্ধারের কথা স্বীকারোক্তি নিয়েছে, ভিডিও ও করেছে। বেশি পরিমাণ মাদক দেখানোর ভয় দেখানো হয়েছিল।’

এদিকে, এ ঘটনায় রাজশাহী মহানগর বিএনপি সুমনকে সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করে। বহিষ্কার প্রত্যাহার ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়ে সুমন বলেন, ‘আমি রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন। দল যাচাই-বাছাই ছাড়াই আমাকে বহিষ্কার করেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

অভিযোগের বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, ‘সনেট বহু মামলার আসামি। তার সঙ্গেই সুমনকে পাওয়া গেছে। মামলায় সাক্ষীও রয়েছে। এখন দলীয় চাপে কেউ সংবাদ সম্মেলন করতেই পারে। তার অভিযোগ ভিত্তিহীন।’