রাজশাহীর জেলার দুর্গাপুরের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে পাবনার আতাইকুলা উপজেলার গয়েশবাড়ীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পাবনার র‌্যাব-১২-এর সিপিসি-২ ও রাজশাহী র‌্যাব-৫-এর যৌথ দল।

গ্রেপ্তার ব্যক্তির নাম রাশেদ মিয়া (৩০)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে তাঁর বাড়ি। শনিবার (২১ জুন) সকালে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, রাশেদ ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে মুখ চেপে ধরে পাশের একটি পেয়ারাবাগানে নিয়ে ধর্ষণ করেন। এ নিয়ে পরদিন থানায় মামলা হয়।

র‌্যাব আরও জানায়, ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত রাশেদ। তাঁকে গ্রেপ্তার করে শনিবার সকালে দুর্গাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।